বাংলাদেশ বার কাউন্সিলের এডহক (Ad-hoc) কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনবিদ ও সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন ও গেজেট অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন গঠিত এই এডহক কমিটিতে তিনি ৭ নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।
তার এই মনোনয়নে কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা অঞ্চলে আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের পক্ষ থেকে তাকে অভিনন্দন, শুভেচ্ছা ও লাল গোলাপ শুভেচ্ছা জানানো হয়েছে।
স্থানীয়রা মনে করছেন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো মিরপুর-ভেড়ামার মানুষের জন্য গর্বের বিষয়। আইন অঙ্গনে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা, প্রজ্ঞা, নিষ্ঠা এবং ন্যায়বিচারের প্রতি অঙ্গীকার তাকে এই মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছে দিয়েছে।
এলাকাবাসীর পক্ষ থেকে কুষ্টিয়া জেলা জিপি অ্যাডভোকেট মাহাতাব উদ্দিন বলেন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী এই অঞ্চলের কৃতি সন্তান। তার মনোনয়নে তারা অত্যন্ত আনন্দিত এবং বিশ্বাস করেন, তার নেতৃত্বে দেশের আইন অঙ্গন আরও সমৃদ্ধ হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর কুষ্টিয়া ও ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের আইনজীবী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন। পাশাপাশি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করছেন মিরপুর-ভেড়ামারা অঞ্চলের সর্বস্তরের মানুষ।