সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিসহ সব দেশের প্রবাসী কর্মীদের জন্য স্বস্তির খবর এসেছে। যেসব কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে অথবা প্রতিষ্ঠানে যোগ দেওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাজের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট) ইস্যু হয়নি, তাদের কাগজপত্র নিয়মিত করার সময়সীমা বাড়িয়েছে সৌদি সরকার।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নির্দিষ্ট শ্রেণির প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিটের অবস্থা সংশোধনের সময়সীমা চলতি বছরের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে নিয়োগকর্তা ও কর্মীরা প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বাড়তি সময় পাবেন।
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ ১২ মাসের বেশি আগে শেষ হয়েছে এবং যেসব কর্মী কোনো প্রতিষ্ঠানে যোগদানের ছয় মাস পরও ওয়ার্ক পারমিট পাননি, তাদের জন্য এই সময়সীমা বৃদ্ধি প্রযোজ্য হবে।
মন্ত্রণালয় জানায়, শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়ন, চাকরির চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের অধিকার সুরক্ষা এবং কর্মী ও প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় নথিপত্র নিয়মিত করার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া নিয়োগকর্তা ও কর্মীদের নির্ধারিত সময়ের মধ্যেই ওয়ার্ক পারমিট নবায়ন বা নতুন করে সংগ্রহ করার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তবে বিশেষ এই সুযোগের সময়সীমা শেষ হওয়ার পরও যারা নিয়মভঙ্গ সংশোধন করবেন না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।
প্রবাসী কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট বৈধ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কর্মসংস্থান, আইনি অবস্থান এবং সৌদিতে বৈধভাবে বসবাসের সঙ্গে সরাসরি সম্পর্কিত। নতুন এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে জটিলতায় থাকা অনেক প্রবাসী কর্মী তাদের কাগজপত্র ঠিক করার সুযোগ পাবেন।