বাঁশখালীতে আইনশৃঙ্খলা ও মানবপাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা 

বাঁশখালী প্রতিনিধি, মোহাম্মদ ফখরুল ইসলাম প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুলাই, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও মানবপাচার প্রতিরোধ বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন। এ সময় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রবিউল হক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তব্য দেন পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দিন, সাধনপুর ইউপি চেয়ারম্যান খন্দকার সালাহউদ্দিন কামাল, বাহারছড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুস, কালীপুর ও শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ অন্যান্য জনপ্রতিনিধিরা। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

সভায় গত মাসে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় বাঁশখালী থানার ওসি রবিউল হককে ধন্যবাদ জানানো হয়। একইসঙ্গে উপজেলায় অপ-সাংবাদিকতা প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও চলমান স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অংশগ্রহণকারীরা মানবপাচার প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করা এবং স্থানীয় পর্যায়ে সমন্বিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।