পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা ব্যবস্থা আরও শক্তিশালী করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতায় ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
আইজিপি বলেন, দ্রুত বর্ধনশীল পূর্বাচল নতুন শহর প্রকল্পে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অবকাঠামো সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। এর অংশ হিসেবে ডিএমপির আওতায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইন, ৩টি উপকমিশনারের (ডিসি) কার্যালয় এবং ৪১টি পুলিশ বক্স স্থাপন করা হবে।
তিনি আরও জানান, এসব স্থাপনা নির্মাণের জন্য পুলিশের অনুকূলে মোট ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির নিবন্ধন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি জমির প্রয়োজনীয় প্রক্রিয়াও পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মো. আলী হোসেন ফকির বলেন, ভবিষ্যতে পূর্বাচলকে পুরোপুরি ঢাকা মহানগর পুলিশের আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি পৃথক বিভাগ গঠনের পরিকল্পনা রয়েছে। এ বিভাগের কার্যক্রম পরিচালনার জন্য প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল সৃষ্টি করা হবে, যা এ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিক সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, পূর্বাচল নতুন শহর প্রকল্পে জনসংখ্যা ও নগরায়ণ দ্রুত বাড়ছে। সে বাস্তবতায় আধুনিক ও কার্যকর পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।
বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নতুন পুলিশ ক্যাম্পের কার্যক্রম পূর্বাচল এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করা হয়।