পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুলাই, ২০২৬

পাকিস্তানের লাহোরের কাছে একটি বেসরকারি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচ শিশু আহত হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, লাহোরের কাহনা এলাকায় অবস্থিত একটি বেসরকারি কোচিং সেন্টারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুদের বেশিরভাগের বয়স ৭ থেকে ১১ বছরের মধ্যে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। জরুরি উদ্ধার সংস্থার মুখপাত্র ফারুক আহমেদ জানান, উদ্ধার অভিযান শুরু করার পর প্রায় এক ঘণ্টার মধ্যেই তা শেষ করা হয়। ধ্বংসস্তূপ থেকে শিশুদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পরপরই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে দুইজনকে আটক করা হয়েছে। ভবনটির নির্মাণগত ত্রুটি, রক্ষণাবেক্ষণের অবহেলা বা অন্য কোনো কারণে ছাদ ধসে পড়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিহত এক শিশুর স্বজন বিবিসিকে জানান, ভবনটির ছাদের অবস্থা আগে থেকেই ভালো ছিল না। তিনি দাবি করেন, শিশুদের ক্লাস চলাকালীন সময়েই ছাদের ওপর মেরামতের কাজ চলছিল। অতিরিক্ত ওজনের কারণে ছাদটি ধসে পড়ে থাকতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এলাকার আরেক বাসিন্দা জানান, একসঙ্গে এত পরিবারের শিশু প্রাণ হারানোয় পুরো এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। তিনি বলেন, এত বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে যে, কার বাড়িতে গিয়ে আগে সমবেদনা জানাবেন তা বুঝে উঠতে পারছেন না।

এ ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ ঘটনাটিকে হৃদয়বিদারক ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ১৪ নিরীহ শিশুর মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি। এ ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।