নতুন পোশাকে পুলিশ

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুলাই, ২০২৬

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আবারও পরিবর্তন করা হয়েছে বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম। বুধবার (১ জুলাই) থেকে পুলিশ সদস্যদের নতুন পোশাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। নতুন ইউনিফর্মে ফিরেছে গাঢ় নীল শার্ট ও খাকি রঙের প্যান্ট।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে নতুন ইউনিফর্মে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। এ সময় তাকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্টে দেখা যায়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ জানান, বুধবার থেকেই নতুন ইউনিফর্ম পরা শুরু করেছেন পুলিশ সদস্যরা। তবে এখনও সব সদস্যের হাতে নতুন পোশাক পৌঁছায়নি। পর্যায়ক্রমে সবার মধ্যে তা বিতরণ করা হবে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের সংস্কারের অংশ হিসেবে ইউনিফর্মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছিল। পরে আইন-শৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শার্টের রং করা হয় লোহা-ধূসর এবং প্যান্টের রং কফি-বাদামি ধূসর। সেই ইউনিফর্মে গত বছরের ২৫ নভেম্বর থেকে দায়িত্ব পালন শুরু করেন পুলিশ সদস্যরা।

তবে ওই ইউনিফর্ম নিয়ে মাঠপর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক সদস্য নতুন পোশাক নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং এর রং নিয়েও বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও ইউনিফর্ম পরিবর্তনের দাবি ওঠে। এরই ধারাবাহিকতায় গত ১৮ জুন নতুন প্রজ্ঞাপন জারি করে পুলিশ সদর দপ্তর।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব ছাড়া অন্যান্য ইউনিটের সদস্যদের ট্রাউজার হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের এবং শার্ট হবে গাঢ় নীল টিসি প্লেইন ফেব্রিকের। শার্টে চারটি পকেট ও সাতটি বোতাম থাকবে।

প্রজ্ঞাপনে নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। তারা চাইলে গাঢ় নীল শাড়ি ও ব্লাউজ পরতে পারবেন। মহানগর পুলিশের নারী সদস্যদের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। এছাড়া অনুমোদিত গাঢ় নীল রঙের হিজাব ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী সদস্যরা সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন এবং গর্ভাবস্থায় প্রয়োজন হলে অনুমোদন নিয়ে সাধারণ পোশাক পরার সুযোগ পাবেন।

এছাড়া মৌসুমভেদে ইউনিফর্মের ধরনও নির্ধারণ করা হয়েছে। গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরবেন পুলিশ সদস্যরা।