দিনাজপুরে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দক্ষতা প্রশিক্ষণ ও সহায়তা প্রদান

দিনাজপুর জেলা প্রতিনিধি, চন্দন ‌ মিত্র   প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুলাই, ২০২৬

দিনাজপুরে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের আওতায় ‘মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’-এর সমাপনী অনুষ্ঠান ও প্রশিক্ষণার্থীদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকাল ৫টায় জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র, অনুদান সহায়তা উপকরণ এবং বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করেন।

এ সময় বক্তারা বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে অনগ্রসর জনগোষ্ঠী ধীরে ধীরে মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হচ্ছে। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ তাদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করবে এবং স্বাবলম্বী হতে সহায়তা করবে বলেও তারা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে ২৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে নগদ অর্থ, সনদপত্র, প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার এবং জীবিকা সহায়ক উপকরণ হিসেবে গরু বিতরণ করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সমাজসেবা অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক জিলুফা সুলতানা, প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা।

বক্তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণলব্ধ দক্ষতা কাজে লাগিয়ে উপকারভোগীরা নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।