ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ 

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুলাই, ২০২৬

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা কমাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ২০২৫-২০৪৫ মেয়াদের সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা (ইউআরএসটিপি) খসড়ায় রাজধানীর নির্দিষ্ট সড়কে চলাচলকারী যানবাহনের ওপর কিলোমিটারপ্রতি ৬ দশমিক ২৭ টাকা হারে যানজট শুল্ক (কনজেশন চার্জ) আরোপের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, এই শুল্ক রাজধানীর সব সড়কে নয়; বরং যেসব করিডোরে মেট্রোরেল, বিআরটি (বাস র‍্যাপিড ট্রানজিট) এবং উন্নত বাসসেবা চালু রয়েছে, সেসব এলাকায় চলাচলকারী প্রাইভেট কার, মোটরসাইকেল ও ট্রাকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে পরিকল্পনায় স্পষ্টভাবে বলা হয়েছে, নির্ভরযোগ্য ও সহজলভ্য গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত হওয়ার পরই এই শুল্ক কার্যকর করা উচিত।

বিশ্বব্যাংক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ সালে ঢাকার সড়কে যানবাহনের গড় গতি ছিল ঘণ্টায় প্রায় ২১ কিলোমিটার। ২০২২ সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৪ দশমিক ৮ কিলোমিটারে। অর্থাৎ দেড় দশকে রাজধানীর যানবাহনের গড় গতি ঘণ্টায় প্রায় ১৬ কিলোমিটার কমে গেছে।

বিশ্বব্যাংকের আরেক গবেষণায় উঠে এসেছে, রাজধানীর যানজটের কারণে প্রতিদিন প্রায় ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এছাড়া ঢাকার ৭৩টি গুরুত্বপূর্ণ মোড়ে নিয়মিত যানজটের কারণে নগরবাসীর ভোগান্তি যেমন বাড়ছে, তেমনি অর্থনীতিতেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে।

ইউআরএসটিপির খসড়ায় যানজট শুল্ক আদায়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রস্তাবও রাখা হয়েছে। এতে বলা হয়েছে, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তির মাধ্যমে নির্ধারিত সড়কে স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের কাছ থেকে শুল্ক আদায় করা হবে। এজন্য সংশ্লিষ্ট সড়কে আরএফআইডি রিডার স্থাপন করা হবে।

এই কার্যক্রম বাস্তবায়ন ও তদারকির দায়িত্বে থাকবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে গণপরিবহনমুখী যাতায়াত বাড়ানো এবং রাজধানীর যানজট নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।