জুলাই মাসে ১১ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুলাই, ২০২৬

দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে চলতি জুলাই মাসে ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। এসব কার্গোর মাধ্যমে মোট প্রায় ৩ কোটি ৫২ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি দেশে আনা হবে। বুধবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, গ্যাস সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে জুলাই মাসের জন্য ১১টি এলএনজি কার্গো নিশ্চিত করা হয়েছে। এগুলো স্পট মার্কেট, দীর্ঘমেয়াদি এবং স্বল্পমেয়াদি চুক্তির আওতায় সংগ্রহ করা হচ্ছে। পেট্রোবাংলার এই কর্মকর্তা বলেন, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে তিনটি উৎস থেকেই নিয়মিত এলএনজি আমদানি করা হচ্ছে। সাধারণত প্রতিটি কার্গোতে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকে।

পেট্রোবাংলা সূত্র জানায়, জুলাই মাসে আমদানি করা এলএনজির প্রথম চালান আগামী ৬ অথবা ৭ জুলাই দেশে পৌঁছাতে পারে। এর মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় একটি, স্বল্পমেয়াদি চুক্তির আওতায় তিনটি এবং স্পট মার্কেট থেকে সাতটি কার্গো কেনা হয়েছে। বাকি চালানগুলো চলতি মাসের মধ্যেই দেশে পৌঁছাবে। এর আগে, গত জুন মাসে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তি এবং স্পট মার্কেটের মাধ্যমে মোট ৯ কার্গো এলএনজি আমদানি করা হয়েছিল। যার পরিমাণ ছিল প্রায় ২ কোটি ৮৮ লাখ এমএমবিটিইউ।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) সূত্র জানায়, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতারভিত্তিক কাতার এনার্জি এবং ওমান সরকারের জ্বালানি ও পণ্য বাণিজ্য প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং বাংলাদেশে এলএনজি সরবরাহ করে থাকে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ওকিউ ট্রেডিং স্বল্পমেয়াদি চুক্তির আওতায়ও বাংলাদেশে এলএনজি সরবরাহ করছে।

উল্লেখ্য, প্রতি মাসে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির অনুমোদনের পর স্পট মার্কেট থেকেও এলএনজি কার্গো সংগ্রহ করে সরকার। দেশের বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও অন্যান্য খাতে গ্যাসের চাহিদা পূরণে এলএনজি আমদানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।