জুলাই মাসের আবহাওয়া নিয়ে বড় বিপর্যয়ের শঙ্কা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুলাই, ২০২৬

চলতি জুলাই মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এ মাসে দেশে ৮ থেকে ৯ দিন বজ্রপাতসহ বৃষ্টি এবং এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জুলাই মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, জুলাই মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। এ সময় দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এসব তাপপ্রবাহের মাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি মাসে দেশে ৮ থেকে ৯ দিন বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৩ দশমিক ৭৫ থেকে ৫ দশমিক ৭৫ ঘণ্টা থাকতে পারে।

এদিকে মৌসুমি বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিপাত হলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুলাই মাসে দেশের আবহাওয়া পরিস্থিতিতে বৃষ্টিপাত, তাপমাত্রা বৃদ্ধি এবং নদ-নদীর পানি বৃদ্ধির বিষয়গুলো বিশেষভাবে পর্যবেক্ষণে রাখা হবে।