আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই গণ-অভ্যুত্থানে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, জুলাইয়ের শহীদদের স্মৃতি দেশের মানুষকে সবসময় অন্যায় ও অসত্যের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, জুলাইয়ের শহীদদের স্মরণে এই আলোর প্রজ্বালন শুধু একটি দিনের আনুষ্ঠানিকতা নয়। প্রতিদিন মানুষের সচেতন থাকতে হবে, যাতে কোনো অগণতান্ত্রিক বা স্বৈরাচারী শক্তি পুনরায় প্রতিষ্ঠিত হতে না পারে।
তিনি আওয়ামী লীগ সরকারের সময়কার বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। রিজভী অভিযোগ করেন, সরকারের আমলে দেশের বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তিনি বলেন, ফ্যাসিস্ট পরাজিত হলেও তাদের অবশিষ্টাংশ এখনো বিভিন্ন জায়গায় রয়ে গেছে।
এ সময় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে রিজভী বলেন, তারেক রহমানের কর্মকাণ্ডে জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন দেখা যায়। তিনি বলেন, জাতীয়তাবাদ শুধু কোনো নির্দিষ্ট পরিচয়ের বিষয় নয়, বরং দেশের প্রতি দায়িত্বশীল আচরণ ও নিয়ম মেনে চলার মধ্যেও এর প্রকাশ রয়েছে।
রিজভী আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতিতে গভীর রাত পর্যন্ত চলা এই মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানটি জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়।