চট্টগ্রামে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুলাই, ২০২৬

চট্টগ্রাম নগরীর মুরাদপুর ফরেস্ট গেট এলাকায় মো. আজাদ নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে নিহতের মরদেহ তার এক সহযোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এলে বিষয়টি জানাজানি হয়।

চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) হাসান মোস্তফা স্বপন জানান, বিকেল সোয়া ৪টার দিকে হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয়, মুরাদপুর ফরেস্ট গেট এলাকা থেকে আজাদ নামের এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহত আজাদের সহযোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল ফরেস্ট গেট এলাকায় যায়। সেখানে একটি একতলা ভবনে গিয়ে পুলিশ জানতে পারে, ঘটনার আগে নিহত আজাদসহ তিনজন সেখানে অবস্থান করছিলেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, “বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।” এদিকে চমেক হাসপাতাল সূত্র জানিয়েছে, রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় পেছন থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা আজাদকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, ফরেস্ট গেইট এলাকায় হাঁটার সময় পেছন থেকে আজাদকে গুলি করা হয়। হাসপাতালে আনার পর চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি এবং এর পেছনের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।