গাঁজা জব্দের পর বিক্রির অভিযোগ, ওসি প্রত্যাহার

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুলাই, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারীর বিরুদ্ধে উদ্ধার করা প্রায় ১৬০ কেজি গাঁজা মাদক কারবারিদের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) কুমিল্লার পুলিশ সুপার আসাদুজ্জামানের সই করা এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দাউদকান্দি মডেল থানার দুই উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ১৬০ কেজি গাঁজা জব্দ করে তা বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় বিষয়টি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

অভিযোগের বিষয়ে ওসি আবদুল বারী তা অস্বীকার করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, একটি পত্রিকায় প্রকাশিত মিথ্যা প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে অন্যায়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।

ওসি দাবি করেন, দাউদকান্দি মডেল থানায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, “যদি অভিযোগ প্রমাণিত হয়, প্রয়োজনে চাকরি ছেড়ে দেব। কিন্তু অপবাদ নিয়ে কর্মস্থল ছাড়ছি না।”

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযোগের ঘটনায় ওসির ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকবিরোধী কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।