খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুলাই, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলি হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনজন সংসদ সদস্যও ইরান সফর করবেন বলে জানা গেছে।

এনসিপি সূত্র জানিয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ইতোমধ্যে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে ভিসার জন্য আবেদন করেছেন। তবে এখনো ভিসা না পাওয়ায় তিনি বিমানের টিকিট কাটতে পারেননি। ফলে তার ঢাকা ছাড়ার তারিখ ও ফ্লাইট এখনো চূড়ান্ত হয়নি।

সূত্র জানায়, ইরানের সর্বোচ্চ নেতার জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। ভিসা পাওয়ার পরই সফরের বিস্তারিত সময়সূচি নির্ধারণ করা হবে।

এদিকে, একই অনুষ্ঠানে অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের ইরান সফরের প্রস্তুতি চলছে। পাশাপাশি প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনজন সংসদ সদস্যসহ মোট চারজন নেতারও ইরান যাওয়ার কথা রয়েছে।

এনসিপির একাধিক নেতা জানান, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানাতে এই সফর গুরুত্বপূর্ণ। তাদের মতে, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের মধ্যকার পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হতে পারে।

তারা আরও বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবেও এই সফরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এনসিপির জন্যও এটি ইরানের সঙ্গে ভবিষ্যতে ইতিবাচক যোগাযোগ বাড়ানোর একটি সুযোগ তৈরি করবে।