গাইবান্ধার সদর উপজেলার পিয়ারাপুর গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে কলেজছাত্র ফাহমিদ রুমন (১৯) হত্যা মামলার দুই আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১ জুলাই) বিকেলে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামের রেজাউল করিম ছানা (৫৫) এবং তার ছেলে মো. নাসিরুল আহসান আকিব (৩৫)।
র্যাব জানায়, পূর্ব পিয়ারাপুর এলাকায় একটি বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে গত ৭ জুন রাতে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হলে গাইবান্ধা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফাহমিদ রুমন তার বড় ভাই ফারদিন রুহিতকে রক্ষা করতে এগিয়ে যান।
এ সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রুমন গুরুতর আহত হন। পরে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলায় তার বড় ভাই ফারদিন রুহিতও গুরুতর আহত হন। ঘটনার পর ৯ জুন নিহতের মা গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই প্রধান অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন।
র্যাব জানায়, মামলার গুরুত্ব বিবেচনায় র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প ও র্যাব-১ গাজীপুর ক্যাম্পের যৌথ দল গোয়েন্দা নজরদারি জোরদার করে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাহেরারছলা এলাকার সোয়াইব মার্কেটের সামনে থেকে রেজাউল করিম ছানাকে গ্রেপ্তার করা হয়।
পরে একই রাতে শ্রীপুরের মাওনা বাজার রোডের খোদাবক্স সুপার মার্কেট এলাকা থেকে তার ছেলে নাসিরুল আহসান আকিবকেও আটক করা হয়। র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।