এলপিজির নতুন দাম নির্ধারণ বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুলাই, ২০২৬

বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকোর ঘোষিত জুলাই ২০২৬ মাসের সৌদি সিপির (কন্ট্রাক্ট প্রাইস) ভিত্তিতে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এর শহীদ প্রকৌশলী ভবনের ষষ্ঠ তলায় বিইআরসির কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করা হবে।

এছাড়া এলপিজির নতুন মূল্যসংক্রান্ত আদেশ বিইআরসির ওয়েবসাইটেও প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়।

এবারও সৌদি সিপির ভিত্তিতে জুলাই মাসের জন্য এলপিজির নতুন মূল্য নির্ধারণ করবে কমিশন। ফলে ভোক্তাদের নজর এখন বৃহস্পতিবারের ঘোষণার দিকে।