এই যুগে সাইবার নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুলাই, ২০২৬

তথ্যপ্রযুক্তির বর্তমান যুগে সাইবার নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, সময়ের সঙ্গে সঙ্গে নিরাপত্তার ধারণায় বড় ধরনের পরিবর্তন এসেছে। এখন শুধু ভৌগোলিক সীমান্ত রক্ষা নয়, ডিজিটাল নিরাপত্তাও সমান গুরুত্ব বহন করছে।

বুধবার (১ জুলাই) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুক পেজ ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আধুনিক বিশ্বে তথ্যপ্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। এ কারণে নিরাপত্তা ব্যবস্থাকেও প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী করতে হবে। কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি এখন সাইবার জগতের নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।

তিনি বলেন, বর্তমান বাস্তবতায় প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থায় তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত করতে হবে। প্রযুক্তির উন্নয়ন ও সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করা সম্ভব।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর গুরুত্ব তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, এই প্ল্যাটফর্ম বাহিনীর বিভিন্ন সেবামূলক কার্যক্রম, জনসম্পৃক্ত উদ্যোগ এবং দেশের নিরাপত্তায় তাদের অবদান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, ডিজিটাল যোগাযোগের মাধ্যমে জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা সম্ভব। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের কার্যক্রম সম্পর্কে মানুষকে জানাতেও এই প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।