সুনামগঞ্জের ছাতক পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে আয় ধরা হয়েছে ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা, ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ৮৫ লাখ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা।
বুধবার (১ জুলাই) বিকেলে ছাতক পৌরসভা মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মহিউদ্দিন আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে পৌরবাসীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ, ব্যবসায়ীদের সুবিধার্থে আধুনিক মার্কেট নির্মাণ এবং শহরের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও নতুন ড্রেন নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বাজেট ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুসরাত আরেফিন, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী মো. আবদুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী দ্বিজেন্দ্র কুমার দাস, হিসাবরক্ষক কুলসুমা বেগম, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক (অব.) হরিপদ রায়, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা ছুরত, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিফজুল বারী শিমুল, ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা এবং প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্যরা।
এ ছাড়া অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পৌর এলাকার নাগরিকরা উপস্থিত ছিলেন।