আশুলিয়ায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী পারভীন আক্তার গ্রেপ্তার

মামুন ইসলাম: প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুলাই, ২০২৬

ঢাকা জেলার আশুলিয়ায় গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ ছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পারভীন আক্তারকে নিয়ে মাদক সংশ্লিষ্ট খবর নিয়মিত প্রকাশ হতে থাকে। বিষয়টি নজরে এলে আইনশৃঙ্খলা বাহিনী তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করলেও তিনি এতদিন পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের একটি দল আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৫০০ গ্রাম গাঁজাসহ পারভীন আক্তারকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।

গ্রেপ্তার পারভীন আক্তার (৪৮) আশুলিয়ার বাইপাইল আমবাগান কবরস্থান এলাকার মৃত আলাল মিয়ার মেয়ে এবং মোকছেদুর রহমান ওরফে আক্তারের স্ত্রী। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে এর আগেও অন্তত চারটি মাদক মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম বুধবার (১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।