আত্রাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তার চাল বিতরণ

আত্রাই উপজেলা প্রতিনিধি, ​আব্দুল মজিদ মল্লিক  প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুলাই, ২০২৬

নওগাঁর আত্রাই উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার যৌথ উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৮টি ইউনিয়নের মোট ১ হাজার জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহতভাবে পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, প্রকৃত অসহায়দের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিতে সরকারের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান জানান, তালিকাভুক্ত প্রকৃত দুঃস্থদের মাঝে স্বচ্ছতার ভিত্তিতে এ সহায়তা বিতরণ করা হয়েছে এবং উপজেলা প্রশাসন সবসময় প্রান্তিক মানুষের পাশে থাকবে।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, থানার ওসি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিকতা শেষে প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ হাতে সুবিধাভোগীদের মাঝে চালের বস্তা তুলে দেন। সুশৃঙ্খলভাবে বিতরণ সম্পন্ন হলে সহায়তা পেয়ে দুঃস্থ পরিবারগুলো সন্তোষ প্রকাশ করে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানায়।