দেশে তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। অনুমোদন পাওয়া নতুন উপজেলাগুলো হলো—চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের ‘পাগলা’। এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানা বিভক্ত করে নতুন ‘হালদা থানা’ গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, নিকারের বৈঠকে নতুন উপজেলা ও থানা অনুমোদনের পাশাপাশি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রকল্প অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিকার সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে গঠন করা হবে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে ভাগ করে তৈরি করা হবে ‘বাঙ্গরা’ উপজেলা। অন্যদিকে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে গঠন করা হবে ‘পাগলা’ উপজেলা।
এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে নতুন ‘হালদা থানা’ গঠন করা হয়েছে। প্রশাসনিক কার্যক্রম আরও সহজ করা এবং জনগণের সেবা দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এসব পুনর্বিন্যাস করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়ন মন্ত্রী জাকারিয়া তাহেরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।
এছাড়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।