পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য কোনো নতুন কর আরোপ ছাড়াই ৪৩ কোটি ৪৯ লাখ ৯১ হাজার ৯১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌর প্রশাসক ও নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত এ বাজেট ঘোষণা করেন।
ঘোষিত বাজেটে মোট আয়ের বিপরীতে ব্যয় ধরা হয়েছে ৪২ কোটি ৯৯ লাখ ১০ হাজার ৩১০ টাকা। এতে উদ্বৃত্ত থাকছে ৫০ লাখ ৮০ হাজার ৭৮১ টাকা।
বাজেট ঘোষণাকালে ইউএনও অমিত দত্ত বলেন, এই বাজেটটি বাস্তবমুখী ও জনকল্যাণমূলক পরিকল্পনার ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে। পৌর এলাকার পানি সরবরাহ, সড়ক ও ড্রেনসহ অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা ব্যবস্থার আধুনিকায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের জন্যও বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজেট বাস্তবায়ন করা হবে। স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণ এবং টেকসই উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাইনুল হাসান, পৌর নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পৌর কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা।