সিলিন্ডার বিস্ফোরণ, হাসপাতালে ভর্তি ৩৯

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ময়মনসিংহ নগরীতে একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় বিস্ফোরণের ঘটনায় আশপাশে গ্যাস ছড়িয়ে পড়ে। এতে তীব্র গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে অন্তত ৩৯ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।

সোমবার (২৯ জুন) সন্ধ্যায় নগরীর গুলপুকুর পাড় এলাকার মৈত্রী টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সিলিন্ডার থেকে নির্গত গ্যাস আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে অনেকেই শ্বাসকষ্ট ও শারীরিক অস্বস্তি অনুভব করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) জবায়দুল হক গণমাধ্যমকে জানান, গ্যাসের তীব্র গন্ধে অসুস্থ হয়ে ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরে গেছেন। তবে কয়েকজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, ভর্তি রোগীদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. জানে আলম জানান, একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত কোনো আগুন লাগেনি বা বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, গ্যাস ছড়িয়ে পড়ার কারণে আশপাশের কয়েকটি ভবনের বাসিন্দারা শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও অস্বস্তিতে ভুগতে শুরু করেন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং এলাকাটি নিরাপদ ঘোষণা করা হয়।

ঘটনার পর এলাকায় আতঙ্কের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে ঘটনাটি কীভাবে ঘটেছে এবং নিরাপত্তাবিধি অনুসরণে কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।