প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করে রাউন্ড অব ৩২ নিশ্চিত করা দলটি এবার মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার।
আগামী শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। যেখানে কেপ ভার্দের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা।
বিশ্বকাপের মঞ্চে এমন ঐতিহাসিক ম্যাচের আগে মেসিকে বিশেষ সম্মান জানানোর ঘোষণা দিয়েছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস। আর্জেন্টিনার রেডিও স্টেশন রেডিও সুপার দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, কেপ ভার্দে জাতীয় দলের পক্ষ থেকে মেসিকে ১০ নম্বর জার্সি উপহার দেওয়ার চেষ্টা করবেন তিনি।
নেভেস বলেন, “বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে মেসিকে সম্মান জানাতে জাতীয় দলের পক্ষ থেকে তার জন্য ১০ নম্বর জার্সি নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
মেসির প্রতি নিজের শ্রদ্ধার কথা তুলে ধরে কেপ ভার্দের প্রেসিডেন্ট বলেন, “মেসি একজন মহান অনুপ্রেরণা। কেপ ভার্দেতে তিনি অত্যন্ত সম্মানিত একজন ফুটবলার। আমাদের অনেক মানুষের কাছে তিনি বিশ্বের সেরা খেলোয়াড়। তিনি ফুটবলের শ্রেষ্ঠত্ব, নিখুঁত রূপ এবং বিশ্ব ফুটবলের সেরা প্রতিচ্ছবি।”
এদিকে বিশ্বকাপে কেপ ভার্দের যাত্রা ছিল রীতিমতো চমকপ্রদ। অভিষেক আসরেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে দলটি। প্রথম ম্যাচে শক্তিশালী স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেয় তারা। এরপর উরুগুয়ের বিপক্ষে ২-২ এবং সৌদি আরবের বিপক্ষে ০-০ গোলে ড্র করে গুরুত্বপূর্ণ পয়েন্ট সংগ্রহ করে।
গোলরক্ষক ভোজিনিয়ার নেতৃত্বে দুর্দান্ত রক্ষণাত্মক পারফরম্যান্স দেখিয়ে কেপ ভার্দে সেরা তৃতীয় স্থান অর্জনকারী দল হিসেবে জায়গা করে নেয় রাউন্ড অব ৩২-এ।
অন্যদিকে আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টে নামলেও কেপ ভার্দের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তাই মেসিদের বিপক্ষে তাদের লড়াইটি বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হতে যাচ্ছে বলে মনে করছেন ফুটবলপ্রেমীরা।