মাদারীপুরের শিবচর উপজজেলায় অবৈধভাবে বালু ও মাটি পরিবহনকারী ডাম্প ট্রাকের বেপরোয়া চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন আঞ্চলিক ও গ্রামীণ সড়কে শত শত ডাম্প ট্রাক চলাচল করায় সড়কের অবস্থা দ্রুত অবনতির দিকে যাচ্ছে।
উৎরাইল, থানা রোড, শিবরায়েরকান্দি, কলাতলা, শেখপুর, মাদবরেরচর, বহেরাতলা, চরশ্যামাইল, বাইপাস সড়ক, যাদুয়ারচর ও ডিসি রোডসহ উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন এসব ট্রাক চলাচল করছে। এতে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জনদুর্ভোগও বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, শিবচর উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার অধিকাংশ সড়কেই বালুবাহী ডাম্প ট্রাকের অবাধ চলাচল চলছে। ভারী যানবাহনের অতিরিক্ত চাপের কারণে অনেক সড়কে ফাটল, গর্ত ও ক্ষয় সৃষ্টি হয়েছে। ফলে চলাচল দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলায় প্রায় ৪০০ অবৈধ ডাম্প ট্রাক চলাচল করছে। এসব যানবাহনের অনেকগুলোর ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন ও বৈধ নম্বরপ্লেট নেই। এছাড়া অধিকাংশ ট্রাক অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক দ্বারা পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। খোলা ট্রাকে অতিরিক্ত বালু বহন এবং বেপরোয়া গতিতে চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। একই সঙ্গে ধুলাবালি ও শব্দদূষণে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের সময় ডাম্প ট্রাকের দীর্ঘ সারির কারণে যানজট সৃষ্টি হয়। দ্রুতগতিতে চলাচলকারী ট্রাক পাশ কাটিয়ে গেলে ধুলাবালিতে রাস্তা ঢেকে যায়, ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে এবং স্বাস্থ্যঝুঁকিও তৈরি হয়।
জানা গেছে, শিবচর উপজেলার বিভিন্ন বালুমহাল ও চরাঞ্চল থেকে প্রতিদিন শত শত ডাম্প ট্রাকে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। অতিরিক্ত ওজন বহনের কারণে গ্রামীণ সড়কগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে।
এলাকাবাসীর দাবি, অবৈধ ট্রাকগুলোর অধিকাংশ মালিক প্রভাবশালী হওয়ায় মাঝে মধ্যে অভিযান পরিচালনা করা হলেও তা স্থায়ী কোনো ফল দিচ্ছে না। কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর আবারও ট্রাকগুলো সড়কে চলাচল শুরু করে।
স্থানীয়রা জানান, গ্রামীণ সড়কগুলো মূলত হালকা যানবাহনের জন্য নির্মিত হলেও ভারী ডাম্প ট্রাকের কারণে অনেক স্থানে বড় ধরনের ক্ষতি হয়েছে। বর্ষা মৌসুমে এসব সড়ক আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
সচেতন মহলের মতে, অবৈধ ডাম্প ট্রাকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা, অতিরিক্ত ভার বহন নিয়ন্ত্রণ এবং বৈধ কাগজপত্রবিহীন যানবাহনের চলাচল বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ জরুরি। এতে সড়কের ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি জনদুর্ভোগও হ্রাস পাবে।
স্থানীয় জনগণের দাবি, অবৈধ ডাম্প ট্রাক চলাচল বন্ধ এবং দিনের বেলায় বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক, যাতে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত ও সড়কের স্থায়িত্ব নিশ্চিত করা যায়।
এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, “একাধিকবার অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে। এসব যানবাহনের চলাচলে বিভিন্ন বিধিনিষেধ রয়েছে। দিনের বেলায় বালুবাহী ডাম্প ট্রাক চলাচলও বন্ধ রাখা হয়েছিল। খুব শিগগিরই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”