দীর্ঘদিন সংস্কারের অভাবে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের মীররোড–বয়ারচর সড়কটি এখন চরম বেহাল অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন অংশে কার্পেটিং উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ, কোথাও আবার বৃষ্টির পানি জমে কাদায় পরিণত হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কটি কার্যত যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, ঝুঁকি নিয়ে প্রতিদিন এ পথে চলাচল করছে হাজারো মানুষ। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি রোগী ও সাধারণ যাত্রীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টির দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের অধিকাংশ অংশই খানাখন্দে ভরা। কোথাও কোথাও বড় গর্তে পানি জমে ছোট ডোবার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এতে যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
স্থানীয়দের মতে, এ সড়ক দিয়ে উপজেলার কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ যাতায়াত করেন। সড়কের পাশে রয়েছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজার। ভাঙা সড়কের কারণে শিক্ষার্থীদের সময়মতো স্কুলে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে, একই সঙ্গে জরুরি চিকিৎসা সেবা নিতে যেতেও ভোগান্তি বাড়ছে।
ব্যবসায়ীরা জানান, গুরুত্বপূর্ণ এই সড়ক ঘিরে দক্ষিণাঞ্চলের কয়েকটি বাজারে প্রতিদিন কোটি টাকার বাণিজ্য হয়। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে, বাড়ছে সময় ও খরচ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। দ্রুত সড়ক মেরামত না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে রামগতি উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকৌশলী স্নেহাল রায় জানান, সড়কটির সংস্কারের কাজ শিগগিরই শুরু হবে। পাশাপাশি জনদুর্ভোগ কমাতে মূল কাজ শুরুর আগেই কিছু অংশ জরুরি ভিত্তিতে মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।