রাজধানীর মেট্রোরেলের কমলাপুর স্টেশন আগামী বছরের মার্চে চালুর লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। একই সঙ্গে বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে ধাপে ধাপে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর পরিকল্পনাও করছে কর্তৃপক্ষ।
২০২২ সালে চালু হওয়া এমআরটি লাইন-৬-এর তৃতীয় ধাপের আওতায় মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণ প্রকল্পের কাজ চলছে। ডিএমটিসিএল সূত্র জানায়, বিদ্যুৎ, সিগন্যাল, মেকানিক্যালসহ বিভিন্ন কারিগরি কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এরই মধ্যে প্রকল্পের প্রায় ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে।
কর্তৃপক্ষের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের মার্চে কমলাপুর স্টেশন চালু করা হবে। এর আগে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বর্ধিত অংশে পরীক্ষামূলক ট্রেন চলাচল বা ট্রায়াল রান শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে যাত্রীদের সুবিধা ও বাড়তি চাপ সামাল দিতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ডিএমটিসিএল সূত্র জানায়, গত ৭ জুন রাতে ২০ মিনিট সেবা বাড়ানোর পর মেট্রোরেলে প্রতিদিন প্রায় ১০ হাজার নতুন যাত্রী যুক্ত হয়েছেন। বর্তমানে প্রতিদিন গড়ে চার লাখ ১০ হাজার যাত্রী মেট্রোরেলে যাতায়াত করছেন। কোনো কোনো দিন এ সংখ্যা চার লাখ ২৫ হাজার ছাড়িয়ে যাচ্ছে। এর আগে দৈনিক যাত্রী সংখ্যা ছিল প্রায় চার লাখ।
ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান, মেট্রোরেলের সময় বাড়ানোর বিষয়টি কারিগরি সক্ষমতা বিবেচনা করেই নির্ধারণ করা হয়। কারণ রাতে চলাচল বন্ধ হওয়ার পর ট্রেনের নিয়মিত রক্ষণাবেক্ষণ, পরীক্ষা-নিরীক্ষা ও ডিপো কার্যক্রম সম্পন্ন করতে হয়। পরদিন যাত্রী পরিবহনের আগে ট্রায়াল রানও করতে হয়।
তারা জানান, কমলাপুর স্টেশন চালু হলে মেট্রোরেলের সেবার পরিধি আরও বাড়বে। বর্তমানে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ১২ সেট ট্রেন চলাচল করছে। ভবিষ্যতে চলাচলের সময় বাড়ানো হলে একসঙ্গে ১৪ সেট ট্রেন পরিচালনার পরিকল্পনা রয়েছে ডিএমটিসিএলের।