মুস্তাফা মনোয়ার ছিলেন বহুমুখী প্রতিভার এক অনন্য শিল্পী: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন দেশের বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এবং অন্তর্গতভাবে একজন খাঁটি শিল্পী। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে তার অবদান জাতি দীর্ঘদিন স্মরণ করবে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে মুস্তাফা মনোয়ারের জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিভাবান মানুষের তালিকা করা হলে মুস্তাফা মনোয়ার প্রথম সারির একজন অনন্য ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হবেন। কৈশোর থেকেই দেশের মানুষ তার বহুমুখী প্রতিভা ও সৃজনশীল কাজের সঙ্গে পরিচিত। তিনি শিল্পকলা ও সাহিত্যের নানা ক্ষেত্রে বিচরণ করেছেন এবং নিজস্ব মেধা ও সৃষ্টিশীলতার মাধ্যমে সমৃদ্ধ করেছেন দেশের সাংস্কৃতিক অঙ্গন।

তিনি আরও বলেন, মুস্তাফা মনোয়ার শুধু একজন সৃষ্টিশীল শিল্পীই ছিলেন না, বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্বেও তিনি দক্ষতা, আন্তরিকতা ও প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। জীবনের প্রতিটি দায়িত্ব নিষ্ঠা ও মননশীলতার সঙ্গে পালন করে তিনি অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন।

মরহুমের স্মৃতিবিজড়িত কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে তার শেষ বিদায়ে উপস্থিত হতে পারাকে সৌভাগ্যের বিষয় উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বিটিভি পরিবারের পক্ষ থেকে এই গুণী শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানানো হচ্ছে।

তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে মুস্তাফা মনোয়ারের আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করেন।

বিটিভি প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো. মাহবুবুল আলম, বিটিভির কর্মকর্তা-কর্মচারী, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মুস্তাফা মনোয়ারের দীর্ঘদিনের সহকর্মীরা অংশ নেন।