মামলা করতে বাধা নেই বলেই ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

গত ১০ থেকে ১৫ বছরের তুলনায় দেশে খুন, ডাকাতিসহ সার্বিক অপরাধ কমেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে মামলা করার ক্ষেত্রে সামাজিক ও রাজনৈতিক বাধা কমে যাওয়ায় বর্তমানে ধর্ষণের পরিসংখ্যান তুলনামূলক বেশি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩০ জুন) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ এবং এর ওপর আনা ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে মার্চ ও এপ্রিল মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে এর আগেও তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়টি বিভিন্ন পরিসংখ্যানসহ তুলে ধরেছেন। খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এবং ডাকাতির তথ্য মাসভিত্তিক বিশ্লেষণ করেও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন সূচকে উন্নতি হয়েছে। তবে ধর্ষণের মামলা রেকর্ডের সংখ্যা কিছুটা বেশি দেখা যাচ্ছে। তিনি বলেন, আগে অনেক ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীরা সামাজিক বা রাজনৈতিক নানা চাপের কারণে থানায় গিয়ে মামলা করতে পারতেন না। এখন থানায় গিয়ে বা অনলাইনের মাধ্যমে অভিযোগ, জিডি ও এফআইআর করার সুযোগ রয়েছে। কোনো ধরনের হস্তক্ষেপ না থাকায় এখন প্রকৃত ঘটনাগুলো বেশি রেকর্ড হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ধর্ষণের ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে। শিশু বা নারী নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার, চার্জশিট প্রদান এবং বিচার প্রক্রিয়ায় সহযোগিতার ক্ষেত্রে পরিবর্তন এসেছে। তিনি পল্লবীর শিশু হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন হওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, এটি বাংলাদেশের একটি রেকর্ড।

তিনি জানান, তনু হত্যা মামলাতেও ডিএনএ প্রতিবেদনের ভিত্তিতে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের সক্ষমতা দেখিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ কোনো রাজনৈতিক পরিচয় দেখে ব্যবস্থা নেয় না। অপরাধীকে অপরাধী হিসেবেই বিবেচনা করা হয়। বিরোধী দলের কোনো নেতা-কর্মী অপরাধে জড়িত থাকলেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, দেশের শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য ভালো আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রয়োজন। এ জন্য জনগণের সহযোগিতার পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে রাজনৈতিক দলগুলোকেও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

মাদক ও জুয়া নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও শক্তিশালী ও আধুনিক করা হচ্ছে। ডগ স্কোয়াড, অস্ত্র ও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি দেশের প্রতিটি জেলায় মাদক পরীক্ষাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া অনলাইন ও অফলাইন জুয়া এবং সাইবার অপরাধ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল গড়ে তোলার কাজ চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।