সাধারণ বুটের ডালকে একটু ভিন্নভাবে রান্না করলেই তা হয়ে উঠতে পারে অসাধারণ স্বাদের একটি পদ। নরম গরুর মাংস, ঘন ঝোল ও সুগন্ধি মসলার মিশেলে তৈরি মাংস দিয়ে বুটের ডাল ভাত, পোলাও, খিচুড়ি কিংবা রুটির সঙ্গে দারুণ মানিয়ে যায়। পরিবারের বিশেষ আয়োজন বা অতিথি আপ্যায়নে সহজেই রাখতে পারেন এই মুখরোচক পদটি।
প্রয়োজনীয় উপকরণ, বুটের ডাল – ৩০০ গ্রাম, গরুর মাংস – দেড় কেজি, তেল – ৩ টেবিল চামচ, পেঁয়াজ কুচি – আধা কাপ, এলাচ – কয়েকটি, দারুচিনি – কয়েক টুকরা, তেজপাতা – কয়েকটি, আদাবাটা – দেড় টেবিল চামচ, রসুনবাটা – ১ টেবিল চামচ, জিরাগুঁড়া – ১ টেবিল চামচ, ধনেগুঁড়া – ১ চা-চামচ, হলুদগুঁড়া – দেড় চা-চামচ, মরিচগুঁড়া – দেড় টেবিল চামচ
টক দই – ১ টেবিল চামচ, গোলমরিচগুঁড়া – আধা চা-চামচ, গরম মসলার গুঁড়া – ১ চা-চামচ, কাঁচা মরিচ – ৪–৫টি, লবণ – স্বাদমতো, পানি – প্রয়োজনমতো
যেভাবে রান্না করবেন, প্রথমে বুটের ডাল ৪ থেকে ৫ ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
এরপর একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচির সঙ্গে এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন। এরপর আদাবাটা, রসুনবাটা, জিরাগুঁড়া, ধনেগুঁড়া, হলুদগুঁড়া ও মরিচগুঁড়া দিয়ে অল্প পানি ছিটিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
মসলা থেকে তেল ছেড়ে এলে গরুর মাংস, টক দই ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে প্রায় ১৫ মিনিট রান্না করুন।
মাংস আধা সেদ্ধ হয়ে গেলে ভিজিয়ে রাখা বুটের ডাল ও প্রয়োজনমতো পানি দিয়ে ঢেকে দিন। ডাল ও মাংস পুরোপুরি সেদ্ধ হলে গোলমরিচের গুঁড়া, গরম মসলার গুঁড়া এবং কাঁচা মরিচ দিয়ে আরও ৫ মিনিট দমে রাখুন।
এরপর গরম গরম পরিবেশন করুন সুস্বাদু মাংস দিয়ে বুটের ডাল। সাদা ভাত, পোলাও, খিচুড়ি কিংবা রুটির সঙ্গে এর স্বাদ হবে আরও উপভোগ্য।