বুধবার ব্যাংক লেনদেন বন্ধ

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বুধবার (১ জুলাই) দেশের সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। ‘ব্যাংক হলিডে’ উপলক্ষে এদিন ব্যাংকের সব ধরনের আর্থিক লেনদেন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই কারণে দেশের শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে।

তবে বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় এবং গুরুত্বপূর্ণ কিছু শাখা খোলা থাকবে বলে জানা গেছে।

প্রতিবছর ১ জুলাই ব্যাংক খাতে অর্ধবার্ষিক সমাপনী হিসেবে বিবেচিত হয়। এ সময় ব্যাংকগুলো ছয় মাসের হিসাব-নিকাশ চূড়ান্ত করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। এই কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য দিনটি ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়।

এ কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এও লেনদেন বন্ধ থাকবে। শেয়ারবাজারের বেশিরভাগ লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হওয়ায় ব্যাংক বন্ধ থাকলে পুঁজিবাজারও স্বাভাবিকভাবে বন্ধ রাখা হয়।

প্রসঙ্গত, প্রতিবছর ৩১ ডিসেম্বরও ব্যাংকগুলো বার্ষিক হিসাব চূড়ান্ত করার জন্য ব্যাংক হলিডে পালন করে থাকে।