বিশ্বমঞ্চে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল, কার জয় কত?

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দুই প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে পারে। ৩৬ বছর পর ফুটবলপ্রেমীদের সেই কাঙ্ক্ষিত লড়াই দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার সমর্থকরা আত্মবিশ্বাসে এগিয়ে থাকলেও ইতিহাস ও পরিসংখ্যানের হিসাবে এখনও এগিয়ে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র চারবার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। পরিসংখ্যানে দুই দলের লড়াইয়ে এগিয়ে রয়েছে সেলেসাওরা। চার ম্যাচে ব্রাজিলের জয় দুটি, আর্জেন্টিনার জয় একটি এবং একটি ম্যাচ ড্র হয়েছে। তবে বিশ্বকাপের সর্বশেষ দেখায় জয় পেয়েছিল আর্জেন্টিনা।

১৯৭৪ সালের বিশ্বকাপে প্রথমবার বিশ্বমঞ্চে মুখোমুখি হয়েছিল লাতিন আমেরিকার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সেবার আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। ম্যাচের ৩২তম মিনিটে রিভেলিনোর গোলে এগিয়ে যায় সেলেসাওরা। তবে দ্রুতই সমতায় ফেরে আর্জেন্টিনা। পরে জাইরজিনহোর গোলে আবারও এগিয়ে যায় ব্রাজিল এবং শেষ পর্যন্ত জয় ধরে রাখে তারা।

এরপর ১৯৭৮ সালের বিশ্বকাপে দ্বিতীয়বার মুখোমুখি হয় দুই দল। ১৮ জুনের সেই ম্যাচে কেউই জয় তুলে নিতে পারেনি। গোলশূন্য ড্রয়ে শেষ হয় ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই। ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে তৃতীয়বার দেখা হয় দুই দলের। সেবার ব্রাজিলের কাছে বড় ব্যবধানে হারে আর্জেন্টিনা। ম্যাচে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।

এরপর ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে চতুর্থ ও সর্বশেষবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা। আগের দুই পরাজয়ের প্রতিশোধ নিতে নেমে সফল হয় আলবিসেলেস্তেরা। সেই ম্যাচে ১-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। দলের হয়ে একমাত্র গোলটি করেন ক্লদিও কানিগিয়া।

দীর্ঘ তিন যুগের বেশি সময় পর আবারও বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। দুই দলের সমর্থকদের প্রত্যাশা, এবারের বিশ্বকাপে তৈরি হওয়া সমীকরণ বাস্তবে রূপ নেবে এবং ফুটবলপ্রেমীরা উপভোগ করবে আরেকটি ঐতিহাসিক লড়াই।