বিআরটিএ দিনাজপুর সার্কেলে ড্রাইভিং লাইসেন্স দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

দিনাজপুর জেলা প্রতিনিধি, চন্দন ‌ মিত্র   প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দিনাজপুর সার্কেলের নিয়মিত ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট কমিটি (ডিসিটিসি)-এর ৩৮১তম সভার অংশ হিসেবে ড্রাইভিং লাইসেন্স দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন ২০২৬) সকাল সাড়ে ৮টায় বিআরটিএ দিনাজপুর সার্কেল অফিসে পরীক্ষার্থীদের ছবি তোলা ও ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর সকাল সাড়ে ৯টায় দিনাজপুর ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে বেলা সাড়ে ১২টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে মৌখিক (ভাইভা) পরীক্ষা নেওয়া হয়। পরে দিনাজপুর বড় মাঠে ফিল্ড টেস্ট (প্র্যাকটিক্যাল টেস্ট) সম্পন্ন হয়।

এ পরীক্ষায় মোট ২২০ জন আবেদনকারীর মধ্যে ৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা কার্যক্রমে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর-ই আলম সিদ্দিকী। পরিদর্শন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। সদস্য সচিবের দায়িত্ব পালন করেন বিআরটিএ দিনাজপুর সার্কেলের মোটরযান পরিদর্শক মো. সফিকুল ইসলাম। এ সময় বিআরটিএ’র অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও সহযোগিতা করেন।

উল্লেখ্য, বর্তমানে ঘরে বসেই অনলাইনে বিআরটিএ অনলাইন সেবা পোর্টাল এর মাধ্যমে আবেদন করে নির্ধারিত তারিখে পরীক্ষায় অংশ নিয়ে ড্রাইভিং লাইসেন্স গ্রহণের সুযোগ রয়েছে।