ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে নিহত কিশোর ফয়সাল আহাম্মেদের পরিবারের পাশে দাঁড়িয়েছে ভালুকা পৌর প্রশাসন। গত সোমবার (২৯ জুন) সন্ধ্যায় ভালুকা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন নিহতের পরিবারের হাতে প্রাথমিক আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় তিনি নিহত ফয়সালের বাবা নিজাম উদ্দিনের হাতে পৌরসভার তহবিল থেকে ৫ হাজার টাকা প্রদান করেন। একই সঙ্গে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আরও ২৫ হাজার টাকা সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
ভালুকা পৌরসভার স্বাস্থ্য সহকারী শাহাব উদ্দিন জানান, গত ১৪ জুন দুপুরে মেঘার মাঠ এলাকায় বজ্রপাতে ফয়সাল আহাম্মেদ (১৪) মারা যায়।
মর্মান্তিক ওই ঘটনার পরপরই পৌর প্রশাসক নিহতের পরিবারের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। সেই ধারাবাহিকতায় সোমবার প্রশাসনের পক্ষ থেকে পরিবারের হাতে প্রাথমিক আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় এবং ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।