জাপানের বিপক্ষে বিশ্বকাপের নকআউট ম্যাচে দ্বিতীয়ার্ধে টাচলাইনের পাশে নেইমার জুনিয়রকে ওয়ার্ম-আপ করতে দেখা গেলেও শেষ পর্যন্ত তাকে মাঠে নামাননি ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন ইতালিয়ান কোচ।
সোমবার (২৯ জুন) হিউস্টনে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর আনচেলত্তি জানান, অতিরিক্ত সময়ের কথা মাথায় রেখেই নেইমারকে মাঠে নামানোর পরিকল্পনা ছিল। তবে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির জয়সূচক গোলের পর সেই পরিকল্পনার আর প্রয়োজন হয়নি।
আনচেলত্তি বলেন, “আমরা অতিরিক্ত সময়ের জন্যই নেইমারকে প্রস্তুত করছিলাম। তার সঙ্গে আমার কথাও হয়েছিল। পরিকল্পনা ছিল ৬০ বা ৬৫ মিনিটের দিকে তাকে নামানো। কিন্তু সমতায় ফেরার পর দলের ছন্দ ও ফরমেশন পরিবর্তন করতে চাইনি, কারণ তখন ম্যাচ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে ছিল।”
দ্বিতীয়ার্ধে গ্যালারিতে উপস্থিত ব্রাজিল সমর্থকেরা নেইমারের নাম ধরে স্লোগান দিলেও কিছুক্ষণ পর তাকে ওয়ার্ম-আপ থেকে ফিরিয়ে নেন আনচেলত্তি। শেষ পর্যন্ত বেঞ্চেই কাটে ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ডের পুরো ম্যাচ।
ম্যাচে প্রথমার্ধে কাইশু সানোর গোলে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। তবে বিরতির পর কাসেমিরোর হেডে সমতা ফেরানোর পর যোগ করা সময়ে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে সেলেসাওরা।
ম্যাচ শেষে নিজের দলের গভীরতা ও খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করেন আনচেলত্তি। তিনি বলেন, “আমাদের দলে মাঠে এবং বেঞ্চে—দুই জায়গাতেই অনেক বিকল্প আছে। খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে খুব ভালো খেলছে। জাপান সহজ প্রতিপক্ষ নয়; তারা অত্যন্ত সংগঠিত ও তীব্র গতির দল।”
জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। এবার তাদের প্রতিপক্ষ হবে নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচের বিজয়ী দল। আগামী ৫ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে শেষ ষোলোর সেই লড়াই।