জনগণের ট্যাক্সের টাকা যথাযথভাবে ব্যবহার করতে কাজ চলছে: সমাজকল্যাণমন্ত্রী

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

জনগণের ট্যাক্সের অর্থ যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, সরকার এমন একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চায়, যেখানে অর্থের অভাবে কোনো মানুষকে মৃত্যুবরণ করতে হবে না।

মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতির উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, জনগণের ট্যাক্সের টাকা জনগণের কল্যাণেই ব্যয় করা হচ্ছে। এ অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে সব মানুষ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাবে। একই সঙ্গে মানুষের সুশিক্ষা নিশ্চিত করার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, চিকিৎসাসেবা মানুষের মৌলিক প্রয়োজনের একটি। বিশেষ করে শিশুদের উন্নত চিকিৎসার জন্য যেন দেশের বাইরে যেতে না হয়, সে লক্ষ্যে দেশেই বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে হবে।

এ সময় তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিশুদের চিকিৎসায় আরও উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে, যাতে দেশের মানুষ দেশেই প্রয়োজনীয় চিকিৎসা পেতে পারে।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তার মাধ্যমে রোগী কল্যাণ সমিতির বিভিন্ন কার্যক্রমের বিষয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা জানান, অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা দেওয়ার মাধ্যমে এসব উদ্যোগ মানুষের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।