নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় চুরির অভিযোগে এক কিশোরকে জনসম্মুখে মাথা ন্যাড়া করার ঘটনায় তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় এবং অভিযুক্ত গ্রাম পুলিশ সদস্যকে আটক করা হয়।
ঘটনাটি ঘটে সোমবার (২৯ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারের শহীদ মিনার প্রাঙ্গণে। পরে বিকেলে ঘটনার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে তা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।
ভুক্তভোগী কিশোর মো. রাব্বিল (১৪) বানাইকোনা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। অভিযোগ রয়েছে, পাঁচগাঁও বাজারের একটি হার্ডওয়্যারের দোকান থেকে সাত হাজার টাকা চুরির ঘটনায় তাকে আটক করে স্থানীয়রা। পরে তার কাছ থেকে টাকা উদ্ধারের দাবি করা হয় এবং কিশোরটি চুরির বিষয়টি স্বীকার করেছে বলেও দাবি করা হয়।
তবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে না তুলে দিয়ে স্থানীয়ভাবে শাস্তি দেওয়ার নামে গ্রাম পুলিশ সদস্য রতন রবি দাশ জনসম্মুখে কিশোরটির মাথা ন্যাড়া করেন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, কিশোরটি কান্নাজড়িত কণ্ঠে ক্ষমা চাইছে এবং ভবিষ্যতে এমন কাজ না করার আকুতি জানাচ্ছে।
পরবর্তীতে বিষয়টি প্রশাসনের নজরে এলে মঙ্গলবার (৩০ জুন) অভিযুক্ত রতন রবি দাশকে পুলিশ আটক করে এবং একই সঙ্গে তাকে গ্রাম পুলিশ পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
অভিযুক্ত রতন রবি দাশ বলেন, স্থানীয়দের অনুরোধ ও অর্থের বিনিময়ে তিনি মাথা ন্যাড়া করার কাজটি করেন, তবে এখন তিনি অনুতপ্ত। কলমাকান্দা উপজেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণ তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাটিকে দুঃখজনক ও অনভিপ্রেত উল্লেখ করে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এদিকে সচেতন মহল বলছে, আইন নিজের হাতে তুলে নিয়ে এ ধরনের অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।