চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রায় এক মণ ওজনের দুটি বিশালাকৃতির কাঁঠাল নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিক্রির জন্য বাজারে আনা কাঁঠাল দুটি দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই বড় আকৃতির কাঁঠালের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।
জানা গেছে, আলমডাঙ্গার পুরাতন সাদাব্রিজ এলাকায় প্রদর্শিত কাঁঠাল দুটির মধ্যে একটির ওজন ৪১ কেজি এবং অপরটির ওজন ৩২ কেজি। বিশাল আকৃতির এই কাঁঠাল দুটি বাজারে আসার পর থেকেই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
কাঁঠাল ব্যবসায়ী রেজা জানান, তিনি আলমডাঙ্গার আসাননগর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে কাঁঠালের ব্যবসা করলেও এবারই তিনি সবচেয়ে বড় আকৃতির কাঁঠাল বাজারে এনেছেন। এত বড় কাঁঠাল পেয়ে তিনিও বেশ আনন্দিত।
রেজা বলেন, সাধারণত বাজারে এত বড় আকারের কাঁঠাল খুব বেশি দেখা যায় না। তাই এই কাঁঠাল দুটি নিয়ে মানুষের আগ্রহ তৈরি হয়েছে। অনেকে দেখতে এসে কাঁঠালের সঙ্গে ছবি তুলছেন।
জানা গেছে, ৪১ কেজি ওজনের বড় কাঁঠালটির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা। আর ৩২ কেজি ওজনের অপর কাঁঠালটির দাম রাখা হয়েছে ১ হাজার টাকা।
স্থানীয় বাসিন্দারা জানান, আলমডাঙ্গা এলাকায় সাধারণত এমন বিশাল আকৃতির কাঁঠাল খুব একটা দেখা যায় না। এ কারণে কাঁঠাল দুটি দেখতে বিভিন্ন বয়সী মানুষ ভিড় করছেন। অনেকের কাছেই এটি হয়ে উঠেছে ব্যতিক্রমী আকর্ষণ। ব্যবসায়ী ও স্থানীয়দের আশা, কাঁঠালের এমন বড় আকার দেখে ক্রেতাদের আগ্রহ বাড়বে এবং ভালো দামেই বিক্রি হবে।