চট্টগ্রাম নগরীর সদরঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কর্ণফুলী নদীর সদরঘাটের সাম্পানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে ট্রলারটির ইঞ্জিন কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দ হয়। এরপরই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ট্রলারের ইঞ্জিন কক্ষে কর্মরত সহকারী প্রকৌশলী আশিকুজ্জামান তামিম, রুবেল গ্রিজার ও শাহ আলম গ্রিজার এবং ডেকে দায়িত্ব পালন করা উইন্স অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল ও ছিদ্দিক আহমেদ দগ্ধ হন।
ট্রলারের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ সদরঘাট থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডির তথ্য অনুযায়ী, ট্রলারটি গভীর সমুদ্রে মাছ আহরণ শেষে গত ২৯ জুন দুপুরে কর্ণফুলী নদীর সদরঘাটের সাম্পানঘাট এলাকায় মুরিং বয়ায় নোঙর করা হয়। পরদিন দুপুর পৌনে ১টার দিকে ইঞ্জিন কক্ষ থেকে শব্দের পর আগুনের সূত্রপাত হয়।
পরে স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।