চট্টগ্রামে আ.লীগ কর্মীকে প্রকাশ্যে গুলি

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এনায়েত আলী (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মী আহত হয়েছেন। সোমবার (২৯ জুন) রাত ১১টার দিকে উপজেলার আমিলাইশ ইউনিয়নের পশ্চিম পাড়া সোলতান আহমদের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য লোকমান হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত এনায়েত আলী একই এলাকার বাসিন্দা। ঘটনার সময় তিনি গ্রামের একটি দোকান থেকে বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়।

হঠাৎ গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে এনায়েত আলীকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

আহতের ছোট ভাই লিয়াকত আলী জানান, এলাকায় মসজিদসংক্রান্ত একটি বিরোধ নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার ভাইয়ের বিরোধ চলছিল। এ ছাড়া রাজনৈতিক কারণেও এ হামলার ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন। হামলায় এনায়েত আলীর হাতে, পায়ে ও বুকে গুলি লেগেছে বলেও জানান তিনি।

এদিকে ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মো. রায়হান (২৬) নামে স্থানীয় এক তরুণকে আটক করেছে বলে জানিয়েছে সাতকানিয়া থানা পুলিশ। সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মিয়া বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযান শুরু করে। হামলাকারীদের ছোড়া ছররা গুলিতে এনায়েত আলী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।