খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে: আমির হামজা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

খুচরা পয়সার অভাবে নিম্নমানের প্রতিটি সিগারেট নির্ধারিত মূল্যের চেয়ে ৮০ পয়সা বেশি দিয়ে কিনতে হচ্ছে বলে দাবি করেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য আমির হামজা। তার মতে, এই অতিরিক্ত অর্থ সরকারের রাজস্ব হিসেবে জমা হচ্ছে না। বিষয়টি সমাধান করা গেলে বছরে প্রায় ৫ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করা সম্ভব।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

আমির হামজা বলেন, একটি বাজেট তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন তা কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়। তবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকারের ঘোষিত ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, এর আগেও তিনি বাজেটের আকার ৬ লাখ ৩০ হাজার কোটি টাকার মধ্যে সীমিত রাখার পরামর্শ দিয়েছিলেন। তার দাবি, সে প্রস্তাব বিবেচনায় নেওয়া হলে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঋণের চাপ এড়ানো সম্ভব হতো।

বাজেট আলোচনায় রাজস্ব বাড়ানোর বিভিন্ন উপায় তুলে ধরে সংসদ সদস্য আমির হামজা বলেন, বর্তমানে নিম্নমানের একটি সিগারেটের নির্ধারিত দাম ৬ টাকা ২০ পয়সা। কিন্তু বাজারে খুচরা পয়সার সংকট থাকায় ক্রেতাদের ৭ টাকা পরিশোধ করতে হচ্ছে। ফলে প্রতিটি সিগারেটে অতিরিক্ত ৮০ পয়সা আদায় হলেও সেই অর্থ সরকারের কোষাগারে জমা হচ্ছে না।

তার ভাষ্য, এই অতিরিক্ত অর্থের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে বছরে প্রায় ৫ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব অর্জন করা সম্ভব হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় তিনি বাজেটে কিছু পণ্যের মূল্য পুনর্বিবেচনারও আহ্বান জানান এবং সরকারের রাজস্ব আদায়ে বাস্তবসম্মত ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।