খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন স্পিকার 

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য ও জানাজায় অংশ নিতে ইরান সফরে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আগামী ২ জুলাই তিনি ঢাকা থেকে তেহরানের উদ্দেশে রওনা হবেন।

মঙ্গলবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানে গিয়ে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য ও জানাজায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম ও মাশহাদে অনুষ্ঠিতব্য বিভিন্ন আনুষ্ঠানিকতায় তিনি অংশ নেবেন। জানা গেছে, স্পিকারের পাশাপাশি জাতীয় সংসদের আরও কয়েকজন সদস্য ব্যক্তিগত উদ্যোগে ইরানে গিয়ে জানাজায় অংশ নেবেন।

ইরানের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষের সমাগম হতে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, আগামী ৪ জুলাই রাজধানী তেহরান ও পবিত্র নগরী কোমে রাষ্ট্রীয় শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হবে। পরে ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে, যা খামেনির জন্মস্থান, সেখানে তাকে দাফন করা হবে। বার্তা সংস্থা মেহর নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার মৃত্যুর পর মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তার শেষকৃত্যে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করছে ইরান।