কালেমা লেখা পতাকা উত্তোলনের পেছনের পরিকল্পনা সরকার খতিয়ে দেখছে: জাহেদ উর রহমান

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

দেশের বিভিন্ন স্থানে আরবিতে কালেমা লেখা পতাকা উত্তোলনের পেছনে কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশের বিভিন্ন স্থানে আরবিতে কালেমা লেখা পতাকা উত্তোলনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জাহেদ উর রহমান বলেন, বিষয়টি সরকার আমলে নিয়েছে এবং পর্যবেক্ষণ করছে। এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘এ বিষয়টি সরকার দেখছে। কারণ, কিছু ক্ষেত্রে এটি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ভুল বার্তা যাওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সরকার সচেতন রয়েছে।’ তথ্য উপদেষ্টা আরও বলেন, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি ব্যক্তিগতভাবেও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানান। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের ঘটনা আর অব্যাহত থাকবে না।

কারা এসব পতাকা উত্তোলন করছে—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বিভিন্ন মন্তব্য করলেও তারাই সবসময় মূল ব্যক্তি নাও হতে পারেন।

তিনি বলেন, যেহেতু ঘটনাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, তাই এর পেছনে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সরকার বিষয়টির প্রকৃত কারণ বের করতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি।