কলমাকান্দা বাজারে ৩২টি সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ

কলমাকান্দা উপজেলা প্রতিনিধি, জুয়েল  প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নেত্রকোনার কলমাকান্দা বাজারের নিরাপত্তা জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ১২টি স্থানে ৩২টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কলমাকান্দা থানা প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগ ও সহযোগিতায় এবং কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতির বাস্তবায়নে এই প্রকল্পটি সম্পন্ন হয়।

প্রকল্পের আওতায় কলমাকান্দা সরকারি কলেজ এলাকা, উপজেলা মোড়, এতিমখানা বাজার, ঘোষপাড়া খাল, ট্রলারঘাট, রেন্ট্রিতলা, থানা মোড়সহ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম স্থানে এসব ক্যামেরা স্থাপন করা হয়েছে।

ক্যামেরাগুলোর মাধ্যমে বাজার এলাকায় সার্বক্ষণিক নজরদারি, অপরাধ প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে কার্যকর সহায়তা মিলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মিকাইল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের, সহ-সভাপতি আনিসুর রহমান পাঠান বাবুল, বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি এম. আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান এরশাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ. আর. নাজিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব সোলাইমান হক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভ, কলমাকান্দা প্রেস ক্লাবের সভাপতি শেখ শামীমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংশ্লিষ্টদের মতে, এসব সিসি ক্যামেরা স্থাপনের ফলে চুরি, ছিনতাই, যানজটসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত অপরাধী শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়াও সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।