কমলো ফার্নেস অয়েলের দাম, লিটার কত?

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১০৯ টাকা ১০ পয়সা। মঙ্গলবার (৩০ জুন) বিইআরসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফার্নেস অয়েলের নতুন মূল্য ঘোষণা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের গত ২২ ফেব্রুয়ারি জারি করা আদেশের অনুচ্ছেদ অনুযায়ী ১৩ মে থেকে ২৯ জুন পর্যন্ত সময়ে প্রকাশিত ফার্নেস অয়েলের প্লাটস রেটের গড় এবং মে-জুন মাসে আমদানি করা ক্রুড অয়েলের এফওবি মূল্যের ভিত্তিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ক্ষমতাবলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরবরাহ করা ফার্নেস অয়েলের এই মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্পকারখানা এবং অন্যান্য সাধারণ গ্রাহকদের জন্য বিপিসির সরবরাহ করা ফার্নেস অয়েলের আগের দাম ছিল প্রতি লিটার ১১৩ টাকা ৫৪ পয়সা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেই দাম থেকে ৪ টাকা ৪৪ পয়সা কমিয়ে প্রতি লিটার ফার্নেস অয়েলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০৯ টাকা ১০ পয়সা। বিইআরসি জানিয়েছে, ফার্নেস অয়েলের নতুন দাম মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ মূল্য বহাল থাকবে।