দেশের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে চট্টগ্রামে একটি নতুন থানা এবং তিনটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব নিয়ে বুধবার (১ জুলাই) প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভা অনুষ্ঠিত হবে। সভায় এসব প্রস্তাবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে জারি করা সভার নোটিশে জানানো হয়েছে, বুধবার সকাল ১১টায় মন্ত্রিপরিষদ বিভাগের ১০০০ নম্বর কক্ষে প্রধান উপদেষ্টা তারেক রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।
সভার আলোচ্যসূচিতে চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ প্রতিষ্ঠার প্রস্তাব রয়েছে। এ প্রস্তাবটি উপস্থাপন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব উপস্থাপন করবে স্থানীয় সরকার বিভাগ।
একই সভায় কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ নামে নতুন উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার অধীন আটটি ইউনিয়নের সমন্বয়ে ‘আদর্শনগর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবও বিবেচনা করা হবে।
সভার আলোচ্যসূচিতে আরও রয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশ ঢাকা জেলার অন্তর্ভুক্ত করে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রশাসনিক সীমানা পুনর্গঠনের প্রস্তাব। এ বিষয়টি উপস্থাপন করবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
এ ছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তর (আরএইচডি) সংশ্লিষ্ট একটি প্রশাসনিক পুনর্বিন্যাস প্রস্তাবও সভায় আলোচনা হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী এবং নিকার সদস্যদের সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। সভার কার্যপত্র আগেই সদস্যদের কাছে পাঠানো হয়েছে এবং সভা শেষে তা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনিক পুনর্বিন্যাস, স্থানীয় সরকার ব্যবস্থার সম্প্রসারণ এবং জনসেবাকে আরও কার্যকর ও সহজলভ্য করার লক্ষ্যে নিকারের এ সভাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সভায় অনুমোদন পাওয়া প্রস্তাবগুলো পরবর্তী সময়ে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর করা হবে।