এইচএসসি ও আলিম পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে চট্টগ্রাম নগরের সব পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আগামী বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হতে যাওয়া পরীক্ষাকে কেন্দ্র করে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে এ আদেশ কার্যকর থাকবে।
নির্দেশনা অনুযায়ী, এ সময় পরীক্ষা কেন্দ্রের আশপাশে অস্ত্র, লাঠি, বিস্ফোরক বা যেকোনো ধরনের আক্রমণাত্মক সরঞ্জাম বহন ও ব্যবহার নিষিদ্ধ থাকবে। পাশাপাশি কেন্দ্র এলাকায় মিছিল, সভা-সমাবেশ, উচ্চস্বরে চিৎকার, গান-বাজনা এবং মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার করা যাবে না।
প্রশ্নপত্র ফাঁস ও অনৈতিক কার্যক্রম প্রতিরোধে পরীক্ষা চলাকালে কেন্দ্রসংলগ্ন সব ফটোকপির দোকান এবং ফটোকপি মেশিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সিএমপি। এ ছাড়া পরীক্ষার্থী ও পরীক্ষা পরিচালনার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ করতে পারবেন না বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সিএমপি জানিয়েছে, আগামী ২ জুলাই থেকে শুরু হওয়া এইচএসসি ও আলিম পরীক্ষার প্রতিটি পরীক্ষার দিন নির্ধারিত সময়জুড়ে এ নির্দেশনা কার্যকর থাকবে। আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।