ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে বলে জানিয়েছে বিএনপি। বর্তমানে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন এই প্রবীণ রাজনীতিক ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
রোববার (২৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ হয়ে উঠছেন। দ্রুতই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।
শায়রুল কবির খান বলেন, “আলহামদুলিল্লাহ, তিনি দ্রুত পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। মহান আল্লাহর কাছে তার আশু আরোগ্য কামনা করছি।”
বর্তমানে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মির্জা আব্বাস। গুরুতর অসুস্থতা কাটিয়ে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তার সুস্থতার খবরে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
গত ১১ মার্চ ইফতারের সময় রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন করে।
তবে অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে উন্নত চিকিৎসার মাধ্যমে তার অবস্থার কিছুটা উন্নতি হয়।
পরবর্তীতে দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও উন্নত ফিজিওথেরাপির প্রয়োজন হওয়ায় গত ১৩ এপ্রিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
দলীয় সূত্রে জানা গেছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে। বিএনপির নেতাকর্মীরা আশা করছেন, চিকিৎসা শেষে দ্রুতই মির্জা আব্বাস সুস্থ হয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরতে পারবেন। পাশাপাশি দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেছেন দলের নেতারা।