সাতক্ষীরার শ্যামনগরে ঘনঘন লোডশেডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে প্রেস ব্রিফিং করেছে গণসংহতি আন্দোলন। সোমবার (২৯ জুন) বিকেলে সাতক্ষীরা জেলা গণসংহতি আন্দোলনের কার্যালয়ে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে বিদ্যুৎ সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক প্রভাষক মামুনুর রহমান, সদস্য সচিব রুবেল গাইন, যুগ্ম আহ্বায়ক মো. আলফাত হোসেন, শ্যামনগর উপজেলা শাখার আহ্বায়ক জি. এম. মাহফুজ, সদস্য সচিব মনিরুল ইসলাম, সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশিপের উপদেষ্টা আবুল হোসেন, সাংবাদিক আব্দুর রশিদ, সীমান্তবর্তী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ইয়াছিন আলমসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা অভিযোগ করেন, গত কয়েক মাস ধরে শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট ও দীর্ঘ সময়ের লোডশেডিং চলছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশুদ্ধ পানির সংকট, শিশু, বয়স্ক ও রোগীদের ভোগান্তির পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা ও উৎপাদন কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়েও গ্রাহকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
প্রেস ব্রিফিংয়ে গণসংহতি আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. আলফাত হোসেন বলেন, উপকূলীয় অঞ্চলে দীর্ঘ সময়ের লোডশেডিং মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। অসহনীয় গরমে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, রোগীসহ সর্বস্তরের মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
তিনি আরও বলেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের উচিত বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। কোথায়, কখন এবং কী কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সে বিষয়ে আগাম নোটিশ দিয়ে গ্রাহকদের অবহিত করারও দাবি জানান তিনি।
মো. আলফাত হোসেন বলেন, গ্রাহকরা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করলেও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত ও টেকসই সমাধান নিশ্চিত করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।