শহীদ মিনারে সর্বজনের শ্রদ্ধা, বনানীতে চিরনিদ্রায় শায়িত হবেন মুস্তাফা মনোয়ার

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ২৯ জুন, ২০২৬

বাংলাদেশের বরেণ্য শিল্পী, চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারকে মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। শেষ বিদায়ের আগে দেশের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান, কর্মস্থল ও প্রিয় শিক্ষাঙ্গনে তাকে শ্রদ্ধা জানাবেন সহকর্মী, শিক্ষার্থী, শিল্পী-সাহিত্যিকসহ সর্বস্তরের মানুষ।

পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে আলোচনা করে মুস্তাফা মনোয়ারের শেষ বিদায়ের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় তার মরদেহ প্রথমে নেওয়া হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে। দীর্ঘদিনের কর্মস্থল হওয়ায় সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিটিভির সহকর্মীরা প্রিয় এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন।

এরপর সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেখানে রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। দীর্ঘদিন শিক্ষকতা করা এই প্রতিষ্ঠানে সহকর্মী, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষককে শেষ শ্রদ্ধা জানাবেন। চারুকলায় আনুষ্ঠানিকতা শেষে বিকেলে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর তাকওয়া মসজিদে মুস্তাফা মনোয়ারের গোসল সম্পন্ন হয়। পরে তার মরদেহ ধানমন্ডির বাসভবনে নেওয়া হলে সেখানে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীরা শেষ শ্রদ্ধা জানান।

সোমবার বিকেল পর্যন্ত বাসভবনে রাখার পর মরদেহ সংরক্ষণের জন্য নেওয়া হয় স্কয়ার হাসপাতালের হিমঘরে। চিত্রশিল্পী মনিরুজ্জামান জানান, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের সুযোগ নিশ্চিত করতেই ধাপে ধাপে এই কর্মসূচি সাজানো হয়েছে। একই সঙ্গে বিটিভি ও চারুকলা অনুষদের সঙ্গে মুস্তাফা মনোয়ারের দীর্ঘ কর্মজীবনের সম্পর্কের প্রতি সম্মান জানিয়ে এসব স্থানে তার মরদেহ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।